প্রকাশের তারিখঃ Dec 1, 2025 ইং
নির্বাচনে আচরণবিধি না মানলে প্রার্থিতা বাতিল : ইসি আনোয়ারুল
কোনো প্রার্থী নির্বাচনে আচরণবিধি লংঘন করলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান এক্ষেত্রে আমরা কোনো শোকজ (কারণ দর্শানো নোটিশ) করব না। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দরের সায়রা গার্ডেনে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আনোয়ারুল ইসলাম বলেন, কোনো প্রার্থী নির্বাচনে আচরণবিধি লংঘন করলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কোনো শোকজ (কারণ দর্শানো নোটিশ) করব না। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
নির্বাচন কমিশনার আরো বলেন, যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সে ব্যাপারে সবসময় তৎপর থাকবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।
নির্বাচনকালে পোস্টারের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না, তফসিল ঘোষণার সাথে সাথে আমরা এই বিষয়ে কঠোর হবো। প্রার্থীদের সবার জন্য একটি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যা যা করার দরকার করব।
নির্বাচন কেন্দ্রে আইন-শৃঙ্খলা বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। আইনশৃঙ্খলা ও প্রশাসনের সমন্বয়ে যে কোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন তাঁরা। আমরা আশা রাখি, এবারের নির্বাচন একটি সর্বোত্তম নির্বাচন হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।
Copyright © 2026 All rights reserved.